রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হায়দার হোসেন নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হায়দার হোসেন (৩৫) ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামে মো. মোহসিন ফরাজির ছেলে। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় বসবাস করে আসছেন।
মৃত হায়দারের ভগ্নিপতি শুক্কুর গাজী জানান, তারা দুইজন ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান। শনিবার দুপুরে তারা ৪-৫ মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বনানী থানা বিষয়টি তদন্ত করছে।