'সম্মান দিয়ে কথা বলো',—রেফারির ওপর কেন চটেছিলেন মেসি?

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করার রাতে কানসাস সিটির মাঠ কেবল গোলের রোমাঞ্চই দেখেনি, দেখেছে চরম উত্তেজনাও। বিশেষ করে প্রথমার্ধে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সাথে অধিনায়ক লিওনেল মেসির তীব্র বাদানুবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে জানা গেছে, রেফারি পিনহেইরোর সিদ্ধান্ত নয়, বরং তার কথা বলার ঔদ্ধত্যপূর্ণ আচরণই মেনে নিতে পারেননি এলএমটেন।

​"আমি তোমাকে সম্মান করেছি, তুমিও করো"

​ম্যাচের ৪২ মিনিটে মাঠের মাঝখানে রেফারি পিনহেইরোর দিকে এগিয়ে যান মেসি। টাওয়াইসি স্পোর্টস  এর ক্যামেরায় সেই কথোপকথন পরিষ্কার ধরা পড়ে। পিনহেইরো কিছুটা কড়া স্বরে কথা বললে মেসি তাৎক্ষণিক আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মেসিকে বারবার বলতে শোনা যায়:

"সম্মান দিয়ে কথা বলো, অসম্মান করবে না। আমার সাথে সম্মানের সাথে কথা বলো। আমি তোমার সাথে ভদ্রভাবেই (সম্মান দিয়ে) কথা বলেছি।"

৩৮ বছর বয়সী এই পর্তুগিজ রেফারির এটি প্রথম বিশ্বকাপ। সাধারণত তিনি মাঠে ফুটবলারদের সাথে অত্যন্ত কঠোর এবং নমনীয়তাহীন আচরণের জন্য পরিচিত। ফুটবল বিশ্লেষকদের মতে, ইউরোপের দল সুইজারল্যান্ডের ম্যাচে ইউরোপেরই একজন রেফারি নিয়োগ দিয়ে ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা নিরপেক্ষতার ঐতিহ্যগত নিয়ম কিছুটা ভেঙেছেন, যা মাঠের চাপ ও বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছিল।

​'আমরা কোথায় যাচ্ছি লিও?'— ডিবুর রহস্যময় বার্তা

​ম্যাচ শেষের পর মাঠের আরেকটি দারুণ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। অসাধারণ কিছু সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচ টিকিয়ে রাখা গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেস জয়ের পর মেসির বুকে জড়িয়ে ধরেন।

​স্প্যানিশ সংবাদমাধ্যম মারফত জানা গেছে, আলিঙ্গনরত অবস্থায় দিবু মেসিকে প্রশ্ন করেন, "কোথায় যাচ্ছি আমরা এখন?"। যা ছিল মূলত সেমিফাইনালের ভেন্যু আটলান্টার দিকে ইঙ্গিত। আর্জেন্টিনার ফুটবলাররা যে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ স্টার (চতুর্থ বিশ্বকাপ ট্রফি) জেতার জন্য কতটা ক্ষুধার্ত, দিবুর এই আত্মবিশ্বাসী বার্তাই তা প্রমাণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত