গুলশানের বাসা থেকে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর তিনি রওয়ানা হন। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।
পথে পথে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
রবিবার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।
এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।