হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

হরমুজ প্রণালি নিয়ে চলমান অচলাবস্থার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ জুলাই) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এটি ৭০ দশমিক ১৪ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময় যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে।

তিনি বলেন, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দামও তুলনামূলকভাবে বেশি থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত