মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

রাজধানীর মিরপুর-১ নম্বরের কাছে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নামে। ২০২৪ এ গণঅভ্যুত্থানের পর কিছু সুবিধাভোগী লোক প্রতিষ্ঠানটি জবরদখল, মার্কেটের অর্থ আত্মসাৎ করে আসছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন বলেন, ১৯৮৮ সালে গণপূর্ত থেকে বরাদ্দকৃত ১৬ কাঠা জমির ওপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় মিরেপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন নির্মিণ করেন। শুরু থেকেই বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার সভাপতিত্বে বিনা বেতনে শিক্ষাদান ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। ২০০২ সালে শওকত আলীর মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তারকে সভাপতি করা হয়। তিনিও বিএনপির সাবেক দুইবারের কমিশনার।

আনোয়ারা খাতুন বলেন, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। কিন্তু ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালীন সকাল ১১টায় একদল সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হয়। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপরে হামলা, মারধর, গালাগাল ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেন। 

ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন ‘সম্মানিত সদস্য’কে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনও সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যোগ করা হয়।

বিদ্যালয়টির ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভাড়ার টাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুনু আক্তার বলেন, অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করা হয়। এছাড়া স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভবনের ছাদে আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

রুনু আক্তার বলেছেন, বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সম্মানিত সদস্যদের হুমকি-দমকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সদস্যরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করার জন্য গেলেও কোন সহযোগীতা পাওয়া যায়নি।

এবিষয়ে যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।

এবিষয়ে অভিযুক্ত বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার হাসবেন্ড কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি। ওয়ারিশ হলে স্থায়ী সদস্যের প্রয়োজন হয় না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্থানী সদস্য ৪৮ জনের মধ্যে থেকে আনোয়ার হোসেন, লিয়কত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবল হোসেন, সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত