আরএসএফ প্রধানকে মৃত্যুদণ্ড দিল সুদানের আদালত

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি ‘হেমেতি’ নামে বেশি পরিচিত, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। ২০২৩ সালে পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবদুল্লাহ আবাকার হত্যার ঘটনায় রবিবার (১২ জুলাই) এই রায় দেওয়া হয়। হেমেতি পলাতক থাকায় তার বিরুদ্ধে অনুপস্থিতিতেই (ইন অ্যাবসেনশিয়া) এ রায় ঘোষণা করা হয়েছে। 

পোর্ট সুদানে অবস্থিত সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী অপরাধবিষয়ক আদালত একই মামলায় আরএসএফের উপপ্রধান এবং হেমেতির ভাই আবদেল রহিম হামদান দাগালোসহ আরও ১৪ জনের বিরুদ্ধেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথম হেমেতির বিরুদ্ধে কোনো আদালতের রায় ঘোষণা হলো।

আদালত আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং ব্যক্তি ও সম্পত্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে।

রায়ে বলা হয়েছে, হেমেতি এসব অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন। আর তার ভাই ও উপপ্রধান আবদেল রহিম হামদান দাগালো অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন হেমেতির আরেক ভাই আলগোনি হামদান দাগালো মুসা (আল-কোনি), পশ্চিম দারফুরে আরএসএফের কমান্ডার আবদেল রহমান জুমা এবং উপজাতীয় নেতা আল-তিজানি আল-তাহির কারশুম।

২০২৩ সালের ১৪ জুন পশ্চিম দারফুরের রাজধানী এল জেনেইনায় বেসামরিক নাগরিকদের ওপর আরএসএফ হামলা চালানোর অভিযোগ প্রকাশ্যে আনার পর গভর্নর খামিস আবদুল্লাহ আবাকার নিহত হন। সুদানের সরকার অভিযোগ করে, আরএসএফ তাকে হত্যা করে এবং তার মরদেহ বিকৃত করে। যদিও সে সময় এসব অভিযোগ অস্বীকার করেছিল আরএসএফ।

সুদানি কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিযোগ, এল জেনেইনায় আরএসএফ শত শত মানুষকে হত্যা এবং মাসালিত সম্প্রদায়ের হাজারো মানুষকে বাস্তুচ্যুত করার মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদান গৃহযুদ্ধে বিধ্বস্ত। আধাসামরিক আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এই সংঘাতকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত