জন্মদিনের জাঁকজমক ও হিরের দ্যুতির চেয়েও সংবাদ সম্মেলনে ইয়ামালকে বেশি আলো ছড়াতে দেখা গেছে লামিন ইয়ামালের দেওয়া পরিপক্ব ও শক্তিশালী বর্ণবাদ বিরোধী বার্তার কারণে।
স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের বিতর্কিত ও বর্ণবাদী মন্তব্য (যেখানে তিনি বলেছিলেন, ফ্রান্স দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই) নিয়ে প্রশ্ন করা হলে মরক্কো ও গিনিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ তারকা একে ফুটবলের মূল স্পিরিটের পরিপন্থী বলে আখ্যা দেন। ইয়ামাল বলেন, ফুটবলের মূল উদ্দেশ্যই হলো মানুষকে এক সুতোয় বাঁধা।
মরক্কোন বাবা এবং ইকুয়েটরিয়াল গিনি মায়ের সন্তান ১৯ বছর বয়সী ইয়ামাল এই সংকীর্ণ মানসিকতাকে উড়িয়ে দিয়ে বলেন:
"আগামীকাল আমরা একটি দুর্দান্ত ম্যাচ খেলব। তবে ফুটবল যদি কোনো কাজে আসে, তা হলো মানুষকে একত্রিত করা। ফ্রান্স এবং স্পেন উভয় দেশই সামাজিক একীকরণের অনন্য উদাহরণ। ফুটবল মানেই হলো সবাইকে আপন করে নেওয়া, অন্য কেউ কী (নেতিবাচক) বলল তা নিয়ে পড়ে থাকা নয়।"
গোল নিয়ে চিন্তিত নন ইয়ামাল
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন ইয়ামাল। তবে নিজের গোলসংখ্যা নিয়ে একেবারেই ভাবছেন না এই তরুণ সেনসেশন। তিনি বলেন, "প্রতিটি টুর্নামেন্ট আলাদা। বিশ্বকাপে আমি মাত্র একটা গোল করেছি বলে কোনো দুশ্চিন্তা নেই। কারণ সবচেয়ে বড় কথা হলো আমাদের দল জিতছে। আমি অতীতে স্পেনের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দেখেছি, কিন্তু এবার আমরা টিকে আছি। আশা করি সামনে আরও ম্যাচ খেলে গোল করতে পারব।"
ডালাসের মাঠে ফ্রান্স ও স্পেনের এই লড়াইটি সমানে-সমান হবে এবং দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বার্থডে বয় ইয়ামালের একটাই চাওয়া, ফাইনালের টিকিট