গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার সেক্রেটারি পদ হারাতে হল নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার কারণে। সদ্য পদহারা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় এতোদিন সাংগঠনিক দায়িত্ব পালন করতেন। এখন দলটির নতুন সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক। 

সোমবার (১৩ জুলাই) রাতে নেয়া এই সিদ্ধান্ত জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে দলীয় একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কোনো পুরুষ সদস্য কোনভাবেই নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। তারই অংশ হিসেবে সুজা উদ্দিনকে অব্যহতি দিয়ে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে এনামুল হককে।  ১৩ জুলাই রাতে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে সদ্য পদ হারানো জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার মুঠোফোনে আলাপকালে জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোন পুরুষ নেতা নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে সাংগঠনিক দায়িত্ব পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির নেয়া এই সিদ্ধান্ত সারা দেশের রুকনদের জন্যই প্রযোজ্য। এ কারণে আমাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে আমার মনে কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই। তাছাড়া এই সাংগঠনিক দায়িত্ব পাওয়ার অনেক আগে থেকেই আমি ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করি। এতোদিন দলের মধ্যে বিষয়টি মেনে চলার শর্ত শিথিল ছিলো বলেই আমি দুই পদে বহাল থেকে কাজ করেছি। তবে এই চাকরী ছেড়ে দিলেই আমি আবার স্বপদে ফিরে যেতে পারব।

এবিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটারি এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে আমাকে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অনেকটা আকস্মিক ভাবে। সকলের কাছে সহযোগিতা পেলে সাধ্যমতো সাংগঠনিক কার্যক্রম সফলতার সাথে চালিয়ে নিতে পারবো।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও গঠনতন্ত্রে নিয়মানুযায়ী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে দলের সাংগঠনি পদে দায়িত্ব পালনের কোন সুযোগ নেই। এই শর্তের বাধ্যবাদকতা থাকায় সারা দেশে এই রকম ৭জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে কুষ্টিয়াতেও সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত