শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামেও পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। এসময় সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর ষোলশহর এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ‘ভুয়া ভুয়া’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। দুপুর তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলছিল।

বিক্ষোভ শুরু হওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তাদের দাবিদাওয়া শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেন।  

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষার সময়সূচি বহাল রাখায় অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে অসংখ্য শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত