ক্যামেরার সামনেই পোশাক বদলানোর আবদার! রেগেমেগে কী করলেন জারিন?

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

গ্ল্যামার দুনিয়ার তারকা আর ছবিশিকারি তথা পাপারাজ্জিদের রসায়ন দীর্ঘদিনের। কিন্তু ইদানীং সেই সম্পর্কের পরিধি ছাড়িয়ে বারবার শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অভিনেত্রী জারিন খানের নাম। মুম্বাইয়ের এক চিত্রসাংবাদিকের অশালীন আবদারে যেভাবে তিনি মেজাজ হারালেন এবং কড়া হুঁশিয়ারি দিলেন, তা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। 

বেশ কিছুদিন হল সেলুলয়েডের পর্দায় জারিনের দেখা মেলেনি। তবে সালমান খানের এই প্রাক্তন নায়িকা এবার সংবাদের শিরোনামে এলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের একটি নামী বিপণির উদ্বোধনকে কেন্দ্র করে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারিন। বিপণির নতুন পোশাকের প্রদর্শনীর সময় হঠাৎই এক ছবিশিকারীরা অভিনেত্রীকে একটি পোশাক দেখিয়ে সেটি পরে দেখানোর অদ্ভুত ও অস্বস্তিকর আবদার করে বসেন। 

জনসমক্ষে এমন অপ্রত্যাশিত ও অসংবেদনশীল মন্তব্য শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন জারিন। বিন্দুমাত্র রেয়াত না করে চড়া সুরে ওই আলোকচিত্রীকে সতর্ক করে তিনি বলেন, ‘সবার সামনে আমি পোশাক পরে দেখাব! এই ধরনের ফালতু কথা ভবিষ্যতে আর কখনও আমাকে বলবেন না। নিজের সীমা ছাড়াবেন না। আমি কিন্তু এসব নোংরামি একেবারেই বরদাস্ত করব না।’ 

আচমকা অভিনেত্রীর এমন রুদ্রমূর্তি দেখে সেখানে উপস্থিত সকলেই থমকে যান। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে।পেশাগত দায়িত্বের নামে ব্যক্তিগত পরিসরে এই অনধিকার চর্চার বিরুদ্ধে মুখ খোলায় জারিনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তার এই কড়া জবাবকে সাধুবাদ জানিয়ে একজন লিখেছেন, ‘একদম যোগ্য জবাব দিয়েছেন। জারিনের প্রতিক্রিয়া একশো ভাগ সঠিক।’ 

অন্য এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, ‘পাপারাজ্জিরা কোন সাহসে একজন অভিনেত্রীকে সবার সামনে এমন অশালীন কথা বলার সাহস পায়?’ বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে আত্মসম্মান বিসর্জন না দিয়ে জারিন যেভাবে নিজের ও সব কর্মরতা নারীর হয়ে সরব হলেন, তা এখন নেটপাড়ায় প্রতিবাদের নতুন ভাষা হয়ে উঠেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত