আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে সস্তা টিকিটও ছাড়াল সাড়ে ৩ লাখ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইটি যেন টাকার পাহাড়ের ওপর দাঁড়িয়ে। মাঠের লড়াইয়ের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম। এই ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দামও এখন বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৫৪ হাজার টাকার বেশি।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালের টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে গত তিন দিনে দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। টিকিট ট্র্যাকিং সাইট 'টিকেটডেটা ডটকম'-এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ম্যাচটির সর্বনিম্ন টিকিটের দাম দাঁড়িয়েছে ২,৮৪১ ডলার, যা প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৫ টাকা। অথচ একই টুর্নামেন্টের অন্য সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন, সেই ম্যাচের টিকিটের দাম এর অর্ধেকেরও কম, প্রায় ১,৩২৫ ডলার বা ১ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা।

কেন টিকিটের এই অস্বাভাবিক দাম? বিশেষজ্ঞদের মতে, ফিফা এবারের বিশ্বকাপে 'ডাইনামিক প্রাইসিং' বা চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তনের মডেল অনুসরণ করছে। অর্থাৎ, ম্যাচের চাহিদা যত বাড়ছে, টিকিটের দামও তত চড়ছে। আর্জেন্টিনা দলের বিশাল ফ্যানবেস এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের ঐতিহাসিক দ্বৈরথই এই আকাশচুম্বী দামের মূল কারণ।

এদিকে পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইনদের নিয়ে টুখেলের দল এবং মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়া মানেই ৩০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের স্কোয়াডগুলোর লড়াই। আর এই লড়াই দেখার সুযোগ পাওয়ার জন্য সমর্থকরাও যেন রীতিমতো যুদ্ধে নেমেছেন। শুধু সেমিফাইনাল নয়, ফাইনালের টিকিটের দাম তো আকাশ ছুঁয়েছে আগেই, যা এখন ৬,৭৬০ ডলার বা প্রায় সাড়ে ৮ লাখ টাকায় ঠেকেছে।





×
সর্বশেষ সর্বাধিক পঠিত