লাঠিচার্জের পরও সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হলেও সেখান থেকে সরে যায় নি আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৮টার পরে সংসদ ভবনের সামনের সড়কে আবারও অবস্থান নেন তারা। 

এর আগে সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।

সকাল থেকে সারা দিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সন্ধ্যা ছয়টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। জাতীয় সংসদে অধিবেশন চলার সময় সংসদের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তাঁরা।

প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এরপরও আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা রাজধানীতে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি চালিয়ে যান। বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত