জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজের আগে বুলাওয়োতে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তাওহীদ হৃদয়ের বলা কথাগুলো:
ম্যাচ ও ফল প্রসঙ্গে
"আসলে দেখুন এখানে দুইটি ফলই সম্ভব, হয় আমরা জিতব নয়ত আমরা হারব। এখানে ভিন্ন ফরম্যাটে খেলা, ভিন্ন ভেন্যুতে। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আশা করছি ফল আমাদের পক্ষে আসবে।"
কন্ডিশন ও আগের ভুল নিয়
"ভিন্ন কন্ডিশন, সাথে ভিন্ন ভেন্যুও। আমরা যদি নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। কী ধরনের ভুল করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলো আমরা জানি। আশা করছি এবার ভুলগুলো কমাতে পারব এবং এই ফরম্যাটে বেশি মনোযোগী।"
প্রতিপক্ষ ও দলের শক্তি নিয়ে
"হোম কন্ডিশনে জিম্বাবুয়ে অনেক ভালো দল। এখানে চ্যালেঞ্জ থাকবেই। আমরা আমাদের শক্তির ব্যাপারে জানি। আশা করি এবার ঘুরে দাঁড়াতে পারব।"
"আমাদের দল বেশ শক্তিশালী। গত কয়েক সিরিজে আমরা বেশ ভালো করেছি। যদি সেই ধারাটা ধরে রাখতে পারি অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে। এখানে ছোট ফরম্যাটের খেলা, (ওয়ানডের চেয়ে) ভিন্ন ধাঁচের খেলা। মোমেন্টাম অনেক জরুরি এখানে। এখানে ভালো সুযোগ থাকবে। চেষ্টা করব ইতিবাচক থাকার।"
চাপ সামলানো প্রসঙ্গে
"চাপ সব জায়গাতেই থাকবে। পেশাদার হিসেবে এগুলো হ্যান্ডেল করতেই হবে। এখানে টি-টোয়েন্টি ম্যাচ। যদি নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলি তাহলে ফল আসবে।"
নেতৃত্ব ও লক্ষ্য নিয়ে
"অবশ্যই টার্গেট দলকে জেতানো। আমি দলকে আমার দিক থেকে যতটা পারব সার্ভ করার চেষ্টা করব। অবশ্যই এটা গর্বের ব্যাপার। দিনশেষে ফলও জরুরি। আমরা দল হিসেবে চাইব সিরিজ যেন জিততে পারি। ম্যাচ ধরে ধরে খেলাই বেশ ভালো। প্রথম ম্যাচ নিয়েই ফোকাস করতে চাই। নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি, ইনশাআল্লাহ (ফল আসবে)।"
আবহাওয়া ও কন্ডিশনে মানিয়ে নেওয়া প্রসঙ্গে
"অবশ্যই অনেক তফাৎ। এখানে অনেক ঠাণ্ডা। উইকেটও ভিন্ন। সব মিলিয়েই ভিন্ন কন্ডিশন। পেশাদার ক্রিকেটার হিসেবে এখানে মানিয়ে নেওয়াটাও জরুরি।"