পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ এএম

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির কারণে প্রশ্ন মডারেশন ও পরিশোধনের দায়িত্বে থাকা ৪ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।

একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসঙ্গতি চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। 

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের  সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত