বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে মাঠের ফুটবলে স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেও, ম্যাচ শেষে রেফারি ইভান বার্টনের বিতর্কিত সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনার মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ফরাসি শিবির। কোচ দিদিয়ের দেশম থেকে শুরু করে অধিনায়ক কিলিয়ান এমবাপে—সবার মুখেই এখন কেবল মাঠের রেফারিকে নিয়ে ক্ষোভ।
ম্যাচের ২১ মিনিটে যে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল, সেটি নিয়েই শুরু হয়েছে মূল বিতর্ক। মার্ক কুকুরেয়ার ক্রস থেকে বল ডি-বক্সে ক্লিয়ার করার সময় ফরাসি ডিফেন্ডার লুকা দিন ফাউল করেন লামিনে ইয়ামালকে। তবে ফরাসিদের দাবি, ফাউল হওয়ার ঠিক আগ মুহূর্তে বলটি পরিষ্কারভাবে ইয়ামালের হাতে লেগেছিল।
ম্যাচ শেষে মিক্সড জোনে অধিনায়ক কিলিয়ান এমবাপে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,, "আমরা সবাই মাঠে পরিষ্কার দেখেছি যে বলটা ওর (ইয়ামাল) হাতে লেগেছিল। কিন্তু আমরা বুঝলাম না ভিএআর কেন সেটা চেক করল না বা মাঠের রেফারি কেন এত তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলেন! বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি মঞ্চে এই ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
ফরাসি কোচ দিদিয়ের দেশমও মাঠের রেফারির যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। দেশম ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের বলেন, "সাইডলাইনের চতুর্থ এবং পঞ্চম অফিশিয়ালরা খুবই উঁচু মানের ছিলেন, তাদের সাথে ম্যাচ চলাকালীন আমার কথাও হয়েছে। কিন্তু মাঠের ভেতরের মূল রেফারি... আমি নিজে সরাসরি বিতর্ক বাড়াব না, তবে আপনাদের কাছেই প্রশ্ন রাখছি—বিশ্বকাপের সেমিফাইনালের মতো এত বড় একটা ম্যাচ পরিচালনার ন্যূনতম যোগ্যতা কি ওনার ছিল?"
স্পেনের কৌশলের কাছে পরাস্ত ফ্রান্স
নিজেদের ঘাটতি অকপটে স্বীকার করে নিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশ দেশম বলেন,
"খুব স্বাভাবিকভাবেই বলতে হয়, এই স্পেন দলটা অত্যন্ত শক্তিশালী এবং আজ রাতে তারা মাঠে সেটাই প্রমাণ করেছে। আমরা আমাদের স্বাভাবিক লেভেলের চেয়ে কিছুটা নিচে খেলেছি, আগের ম্যাচগুলোর চেয়ে আজ বেশি টেকনিক্যাল ভুল করেছি। এমনকি শারীরিকভাবেও আমরা ওদের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম।"
টুনার্মেন্টের অন্যতম ফেভারিট হিসেবে খেলতে আসা ফ্রান্স পুরো ম্যাচ জুড়েই স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণের কাছে অসহায় ছিল। কিলিয়ান এমবাপে, ওসমানে দেম্বেলে বা মাইকেল অলিসেদের মতো তারকাদের স্প্যানিশ ডিফেন্ডাররা যেভাবে বোতলবন্দী করে রেখেছিল, তার প্রশংসা করেছেন দেশম নিজেই। ফরাসি কোচ বলেন, "আমরা জানতাম স্পেনের মান কেমন। ওদের হারাতে হলে আমাদের নিজেদের সেরাটা দিতে হতো। কিন্তু আমরা তা দিতে পারিনি। ওরা আমাদের পাসের দিকগুলো খুব ভালো রিড করছিল এবং মাঝপথে বল ইন্টারসেপ্ট করে আমাদের ছন্দটাই নষ্ট করে দিয়েছে।"