আজ কাবার ওপর থাকবে সূর্য, দেখা যাবে না কোনো ছায়া

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আজ বুধবার (১৫ জুলাই) একটি বিরল ও চমৎকার জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে। বছরের বিশেষ এই দিনে সূর্য ঠিক পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করবে। এর ফলে আজ কিছু সময়ের জন্য পবিত্র কাবার কোনো ছায়া দেখা যাবে না। মহাজাগতিক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষকরা জানিয়েছেন, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে থাকবে। ওই নির্দিষ্ট মুহূর্তে সূর্য এবং কাবা শরিফ একই উল্লম্ব রেখায় চলে আসবে। এর ফলে কাবা প্রাঙ্গণে থাকা কাবার নিজস্ব ছায়াটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের জন্যও এই ঘটনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ বিকাল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে এই বিরল ঘটনাটি ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ সময় মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ কোনো আধুনিক প্রযুক্তি বা কম্পাস ছাড়াই খুব সহজে কাবার সঠিক দিক বা কিবলা নির্ধারণ করতে পারবেন।

কিবলার দিক নির্ধারণের পদ্ধতিটি অত্যন্ত সহজ। নির্দিষ্ট সময়ে কোনো সমতল স্থানে একটি লাঠি বা দণ্ড একদম সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। ওই সময় লাঠিটির যে ছায়া পড়বে, তার ঠিক উল্টো দিকটিই হবে পবিত্র কাবার দিক। আধুনিক নেভিগেশন ব্যবস্থা আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ এই প্রাকৃতির নিয়ম মেনে কিবলার দিক নির্ণয় করত।

মহাকাশ গবেষকদের মতে, বছরে মোট দুইবার এমন বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নের এই যুগেও প্রকৃতির এই নিয়মটিকে কিবলার দিক যাচাই করার জন্য সবচেয়ে সহজ, নিখুঁত ও নির্ভুল পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত