শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে অনশনে সোনম ওয়াংচুক

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

ভারতের দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা ১৮ দিন অনশন করে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় তাকে হাসপাতালে ভর্তি ও জোরপূর্বক চিকিৎসার নির্দেশনা চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আইনজীবী রাকেশ কুমার সাইনি দিল্লি হাইকোর্টে আবেদন করে সোনমকে দ্রুত একটি সরকারি হাসপাতালে স্থানান্তর, তরল খাদ্য ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ এবং চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার আহ্বান জানান। আদালত তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আজ বুধবার এ বিষয়ে শুনানি হবে।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ মামলাটি গ্রহণ করেন।

নিট পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন চলছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুক প্রথমে সমর্থন প্রকাশ করেন। পরে সরকারের কাছ থেকে সন্তোষজনক সাড়া না পেয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন।

দীর্ঘ অনশনের কারণে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। সোমবার যন্তরমন্তরে গিয়ে সোনমের সঙ্গে সংহতি জানান লেখক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তারা সোনমকে অনশন ভাঙার আহ্বান জানালেও তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ অনশনে সোনম ওয়াংচুকের ওজন অনেক কমে গেছে। একই সঙ্গে তারা এ ইস্যুতে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে চুপ থাকায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত