আবারও লঘুচাপ সৃষ্টি, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

চারদিনের বিরতির পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের জেলে ও ট্রলার মালিকরা।

আবহাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আজ বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও রৌদ্র উজ্জ্বল। কোথাও মেঘের সঙ্গে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি। নদ-নদী এখনও শান্ত থাকলেও গভীর সাগরে আবারও বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  

গেল ২ জুলাই সৃষ্ট আগের লঘুচাপটি অগ্রসর ও ঘনীভূত হয়ে পরবর্তীতে দুর্বল হয়ে ১১ জুলাই প্রভাব কেটে যাওয়ার পর মাত্র চারদিনের মাথায় আবারও নতুন লঘুচাপ সৃষ্টি হলো। টানা প্রায় ১০ দিন বৈরী আবহাওয়ায় কর্মহীন থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলেরা সাগরে মাছ ধরা শুরু করেছিলেন। কিন্তু নতুন সতর্ক সংকেত তাদের সেই আশায় আবারও ধাক্কা দিল। ফলে উপকূলের হাজারো জেলে পরিবারের আয়-রোজগার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একটি লঘুচাপের প্রভাব কাটার মাত্র চারদিন পরই আবারও নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলের জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত