মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

মুক্তিযুদ্ধে শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল এবং গ্রহণযোগ্য তালিকা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তথাকথিত 'ভুয়া মুক্তিযোদ্ধাদের' শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে মো. রুহুল আমীন দুলালের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে সম্পূরক প্রশ্নকালে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলাল অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে অনেক রাজনৈতিক কর্মীকে 'ভুয়া মুক্তিযোদ্ধা' সাজিয়ে গেজেটভুক্ত করা হয়েছে, যারা বর্তমানে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। তিনি এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ছাঁটাই করার জন্য সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর সঠিক তালিকা প্রণয়নের যাদের দায়িত্ব ছিল, তারা সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তারা নিরপেক্ষভাবে কাজটি করেনি। আপনার প্রস্তাবের প্রেক্ষিতে জানাতে চাই, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। তারা সঠিক শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার কাজ করছে।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও কেন জাতি একটি নির্ভুল তালিকা পাচ্ছে না? কেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালিকার পরিবর্তন ঘটে? তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে একটি স্থায়ী তালিকা প্রকাশের পরিকল্পনা আছে কিনা জানতে চান।

উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে দলীয়করণের মাধ্যমে যে তালিকা করা হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা জাতির সামনে তুলে ধরা, যেখানে কোনো ভুয়া নামের স্থান হবে না এবং প্রকৃত শহীদ ও যোদ্ধারা তাদের যথাযোগ্য মর্যাদা পাবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর এবং এই লক্ষে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই ও বিশেষজ্ঞ কমিটির কাজ চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত