কোটির ঘরে ‘আজও অর্ধাঙ্গিনী’, উচ্ছ্বসিত জয়া

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

চলতি সপ্তাহে (১০ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এই কিস্তিতেও যেন সাফল্যের ধারা অব্যাহত থাকছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি। আর প্রতিদিনই ছবিটি ঘিরে দর্শক-সমালোচকদের প্রশংসা বাড়ছে। ফলে ক্রমশ এর আয়ও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে। 

১০ জুলাই মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। এরপর শনি ও রবিবার আয়ের অংক বেড়েছে হু হু করে, দিন দুটিতে যথাক্রমে আয় করেছে ২৩ লাখ ৫৩ হাজার রুপি ও ৩৫ লাখ ১৭ হাজার রুপি। সোমবার কর্মদিবসে ছবিটি সাড়ে ১৩ লাখের বেশি আয় করে। আর মঙ্গলবার ফের বাড়ে আয়ের অংক—১৬ লাখ রুপি। 

‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প এবং অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। নির্মাতা-শিল্পীরা দর্শকের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন; এক—প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও না করা, দুই—কাউকে কোনোভাবেই গল্পটা না বলা। জয়া আগেই বলেছেন, এই ছবিতে এমন কিছু মোড় আছে, যেটা দর্শককে অবাক করবে। সেরকম পরিস্থিতিতে কোনো শত্রুও যেন কখনো না পড়ে, এমনটাই চান জয়া। 

‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়ার সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন। দাপুটে তিন অভিনয়শিল্পীর টক্করে মুগ্ধ হচ্ছে দর্শক। এছাড়াও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত