রথযাত্রার পুণ্য তিথিতেই বঙ্গ রাজনীতি আন্দোলিত হয়ে গেল। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংদস্য পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে শাসকদলের সাংসদ তালিকায় জ্বলজ্বল করছিল রঞ্জিত-কন্যার নাম।
কিন্তু আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরেই সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট। এ সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল মল্লিক। এর জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-তে। সূত্রের খবর, সংসদ সদস্য পদ ছেড়েই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। তবে কি তিনিও এবার বিজেপির পথে? সেই প্রশ্ন উঠছে।