আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, আলজিয়ার্সের মোহাম্মদিয়া এলাকায় অবস্থিত এতিমখানাটিতে আগুন লাগার পর দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা এখনও কাজ করে যাচ্ছেন। প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা ১১ হলেও নিহতদের বয়স বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এদিকে, কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে আলজেরিয়া। এরই মধ্যে গত এক সপ্তাহে দেশজুড়ে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত