এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইকে সম্ভাব্য লক্ষ্য ধরে ফল প্রকাশের জোর প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট ও চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে আন্তঃশিক্ষা বোর্ড। এর মধ্যে পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

বোর্ডের সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সম্ভাব্য দিন ধরে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত