উগান্ডায় স্কুলবাস উলটে নিহত ২১

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি স্কুলবাস উলটে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন স্কুল পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টার দিকে কাপচোরওয়া জেলার চেকওয়াটিট গ্রামে দুর্ঘটনাটি ঘটে।  

কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি শিক্ষা সফর শেষে ফিরছিল।প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়।

উগান্ডার স্থানীয় সরকার-বিষয়ক মন্ত্রী বালাম আতেনি বারুগাহারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সংখ্যা নিশ্চিত করেন।তিনি জানান, নিহতদের মধ্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাদে রয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছে ২০ জন শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়ার কাজ চলায় এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ ছাড়া এ দুর্ঘটনায় ৬০ জনের বেশি শিক্ষার্থী ও স্কুলের কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত