ইবোলা ঠেকাতে নতুন টিকার পরীক্ষা উগান্ডায়

শুক্রবার (২৭ নভেম্বর) উগান্ডার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাইরাস গবেষণা ইনস্টিটিউট (ইউভিআরআই) এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

আফ্রিকায় প্রথমবারের মতো ইবোলার বান্দিবুগিও ধরন প্রতিরোধে এমআরএনএ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে উগান্ডা। প্রতিবেশী দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের জন্য দায়ী এই ধরন প্রতিরোধে টিকাটি তৈরি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উগান্ডার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাইরাস গবেষণা ইনস্টিটিউট (ইউভিআরআই) এক বিবৃতিতে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার সহযোগিতায় এ পরীক্ষা শুরু হয়েছে।

এটি টিকাটির দ্বিতীয় ক্লিনিক্যাল ট্রায়াল। এর আগে গত আগস্টে কানাডায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ওপর টিকাটির প্রথম মানবদেহে পরীক্ষা শুরু করে মডার্না।

ইউভিআরআই জানিয়েছে, উগান্ডায় পরীক্ষার মাধ্যমে প্রথমবারের মতো এক বছর বা তার বেশি বয়সী শিশুদের ওপর টিকাটির নিরাপত্তা ও রোগ প্রতিরোধক্ষমতা তৈরির কার্যকারিতা যাচাই করা হবে। এ পরীক্ষায় ২২৪ জন স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

টিকার উন্নয়নে অর্থায়নকারী সংস্থা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) প্রধান নির্বাহী রিচার্ড হ্যাচেট বলেন, ইবোলার প্রাদুর্ভাব দেখা দিলে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকে। অথচ নতুন টিকার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারাই প্রায়ই পিছিয়ে থাকে।

এদিকে বান্দিবুগিও ধরন প্রতিরোধে আরেকটি সম্ভাব্য টিকা চ্যাডঅক্স-ওয়ান। ভারতের সিরাম ইনস্টিটিউট ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে অ্যাডেনোভাইরাস ভেক্টর প্রযুক্তির এই টিকা। আগামী সোমবার ডিআর কঙ্গোতে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হওয়ার কথা রয়েছে।

তবে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় না থেকে আগাম প্রস্তুতি নিচ্ছে গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। উন্নয়নশীল দেশগুলোকে সাশ্রয়ী মূল্যে টিকা সংগ্রহে সহায়তাকারী সংস্থাটি গত সপ্তাহে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ১৫ লাখ ডোজ চ্যাডঅক্স-ওয়ান টিকা কেনার প্রতিশ্রুতি চুক্তি করেছে।

পরীক্ষায় টিকাটি কার্যকর প্রমাণিত হলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ডিআর কঙ্গো সরকারের অনুমোদন পাওয়া গেলে ব্যবহারের জন্য কয়েক লাখ ডোজ প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে গ্যাভির।

সংস্থাটির বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক পরিচালক ইমানুয়েল কাপোবিয়াঙ্কো আশা প্রকাশ করেন, ২০২৭ সালের শুরুর দিকে টিকাটির পরীক্ষা শেষ হবে। সফল হলে কেনার প্রতিশ্রুতির কারণে টিকা প্রয়োগের কার্যক্রম কয়েক মাস এগিয়ে আনা সম্ভব হবে।

ডিআর কঙ্গো সরকারের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মে মাসের মাঝামাঝি ইবোলার প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে অন্তত ১২ হাজার ২১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৯০৪ জন।

অন্যদিকে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই দেশটিতে ইবোলার প্রাদুর্ভাবের অবসান ঘোষণা করা হয়। সেখানে মোট ২০ জন আক্রান্ত হয়েছিলেন এবং দুজনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত