নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ভূইয়া নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়। এ সময় ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূইয়া পাশ্ববর্তী বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাহিরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূইয়া মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হয়।
ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে গেলে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিবেশী সোহেল মিয়া জানান, রাতে বাড়িতে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ছোট ভাই মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে ঘটনা জানান। পরে পাশ্ববর্তী বাড়ি থেকে ভাই শাহজাহান ও চাচা সুরুজ ছোট ভাইয়ের বাড়ির দিকে আসতে থাকলে বাড়ির বাইরে থাকা ডাকাত দল তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ফরিদপুরে পাটখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার