তফসিল ঘোষণা হলেই পদত্যাগ করব: মেয়র শাহাদাত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন,তফসিল ঘোষণা হলেই পদত্যাগ করব। 

তিনি বলেন, আমি কোনো অনৈতিক উপায়ে কিংবা জোর করে মেয়র পদে আসীন হইনি। দেশের প্রচলিত আদালতের সুনির্দিষ্ট আদেশে আমি মেয়রের দায়িত্বভার নিয়েছি। সরকার নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করলেই মেয়রের পদ থেকে পদত্যাগ করবেন। তাছাড়া অবিলম্বে চসিকের নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছি।

শনিবার (১৮ জুলাই) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, আদালত ২০২৯ সাল পর্যন্ত পুরো পাঁচ বছরের জন্য বৈধ মেয়র হিসেবে রায় দিয়েছেন। তাই আদালতের এই আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কারও কোনো ক্ষোভ, অভিযোগ বা আপত্তি থাকে, তবে রাজনৈতিক মাঠ গরম না করে পুনরায় আদালতের শরণাপন্ন হতে পারেন।

নগরবাসীর জন্য টেকসই ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেওয়ার কথা জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগমীরের কাছে চসিকের নতুন নির্বাচন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, আমি একটি সম্পূর্ণ বৈধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে দেশের সব রাজনৈতিক দল অংশ নেওয়ার সাংবিধানিক অধিকার পাবে এবং নগরবাসী স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।

চসিকের বর্তমান প্রশাসনিক সংকটের কথা তুলে ধরে মেয়র বলেন, বর্তমানে ওয়ার্ডগুলোতে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বিশাল এই মহানগরের দৈনন্দিন দাপ্তরিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাউন্সিলররা মাঠে থাকলে এখন যে নাগরিক সেবা দেওয়া হচ্ছে, তার চেয়ে বহুগুণ বেশি ও মানসম্মত সেবা দেওয়া সম্ভব হতো।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে একই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো চসিক মেয়রকেও অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে আইনি লড়াই শেষে ১ অক্টোবর শাহাদাত হোসেনকে চসিকের বৈধ মেয়র ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত