চট্টগ্রাম ও ডারবানকে ‘সিস্টার সিটি’ করার প্রস্তাব চসিক প্রশাসকের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বন্দরনগরী চট্টগ্রাম ও দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানকে ‘সিস্টার সিটি’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগর ভবনে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলালের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দুই নগরীর মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করার আশ্বাস দেন হাইকমিশনার।

সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং ডারবান দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দরনগরী। ভৌগোলিক অবস্থান, বন্দরনির্ভর অর্থনীতি, শিল্পায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই নগরীর মধ্যে অনেক মিল রয়েছে। ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপন করা গেলে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি নগর ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বসবাসের বিষয়টি উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তবে বাংলাদেশে এখনো দক্ষিণ আফ্রিকার আবাসিক হাইকমিশন না থাকায় কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করা প্রয়োজন। চট্টগ্রামের সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ বাড়াতে পারেন।

এ সময় চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে দেশের প্রথম সাইকেল চালানোর পথ, আধুনিক ফুটওভারব্রিজ নির্মাণ এবং সড়ক যোগাযোগ উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রশাসক।

প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত ডারবান সাব-সাহারান আফ্রিকার অন্যতম ব্যস্ত বন্দরনগরী। এর আগে যুক্তরাজ্যের লিডস, যুক্তরাষ্ট্রের শিকাগো, জার্মানির ব্রেমেন, চীনের গুয়াংজু ও নেদারল্যান্ডসের রটারডামের সঙ্গে ডারবানের ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে উঠেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তথ্যানুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ কোটি ১২ লাখ মার্কিন ডলার। তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে এ বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলে হাইকমিশনারের সহধর্মিণী ড. নেলিস্ট্রা সুকলাল সিং, নয়াদিল্লিতে অবস্থিত হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর মাশুদুবেলে মামাবোলো, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ এবং অনারারি কনস্যুলেটের উপপরিচালক প্রকৌশলী কাজী মো. মাহমুদ উপস্থিত ছিলেন। চসিকের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত