মধ্য পেরুতে শনিবার (১৮ জুলাই) ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পনে মধ্য পেরুর বিভিন্ন এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ভবন দুলে ওঠে এবং বিভিন্ন স্থানে তাক থেকে জিনিসপত্র নিচে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য আফটারশকের (পরবর্তী কম্পন) আশঙ্কায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।