বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ নিয়ে এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, রবিবারের ফাইনালে আর্জেন্টিনাকে ‘সহজেই’ হারিয়ে শিরোপা নিজেদের করে নেবে স্পেন।
স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে, যেখানে পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। অন্যদিকে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিজের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে ২০০২ বিশ্বকাপজয়ী সতীর্থ ডেনিলসনের সাথে আলাপকালে ফাইনালের সমীকরণ নিয়ে কথা বলেন রোনালদো। সেখানে তিনি স্পেনকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখেন।
ফাইনাল ম্যাচ নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরে রোনালদো বলেন, "আমার মনে হয় স্পেন সহজেই জিতবে এবং ম্যাচটি তাদের জন্য খুব একটা কঠিন হবে না। আমার কাছে ফ্রান্স ও স্পেনই শুরু থেকে ফেভারিট ছিল। স্পেন যে অসাধারণ ফুটবল খেলছে, তাতেই তারা সহজে জয় পাবে। এই পাসিং ফুটবল তাদের ডিএনএ-তে মিশে আছে। তারা দীর্ঘদিন ধরে এই দর্শনেই বড় হয়েছে।"
এই টিকিটাকা ও পাসিং ফুটবলের নেপথ্যে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার অবদান দেখছেন রোনালদো। তিনি যোগ করেন, "আমার মনে হয় এর পেছনে গার্দিওলার দর্শনের বড় প্রভাব রয়েছে, যা ২০০৬-২০০৭ সালের দিকে বার্সেলোনায় শুরু হয়েছিল। স্পেন যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করে, তাদের পাসিংয়ের যে গতি এবং পজিশন ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করার যে ক্ষমতা—তা সত্যিই দারুণ।"
আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ এবং ৩৯ বছর বয়সী লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সের প্রশংসাও করেছেন এই ব্রাজিলিয়ান গ্রেট। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা নিয়ে তিনি বলেন,
'এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে বেশ কয়েকবার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। মেসি আরও একবার বিশ্বকাপে একটি সুন্দর গল্প তৈরি করেছে। এই দলটির যে চরিত্র, ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা—তা থেকে সবার শেখার আছে। তবে স্পেনের বিপক্ষে তারা কতটুকু সুবিধা করতে পারবে তা নিয়ে আমার সন্দেহ আছে। স্পেনের খেলায় একটি স্বয়ংক্রিয় ভাব আছে, তারা পুরো সময় বল দখলে রাখবে।'
রোনালদোর মতে, আর্জেন্টিনা ম্যাচটিকে ১-০ বা ২-০ ব্যবধানে আটকে রাখার মতো শক্তি প্রদর্শন করতে পারবে না, কারণ স্পেনের বল পজিশনের সামনে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে।
বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
এমবাপ্পে নিশ্চিত, 'মেসি ফাইনালেও গোল পাবে'