কালীগঞ্জ

গভীর রাতে রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, পাশের দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চুপাইর গ্রামে গভীর রাতে একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ এবং পাশের দোকানে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় দুই ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান ও হোটেল বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। গভীর রাত, আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা চুপাইর উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ‘মায়ের দোয়া’ নামের খাবার হোটেল ও পাশের একটি দোকানে হানা দেয়। দুর্বৃত্তরা হোটেলটিতে অগ্নিসংযোগ করে এবং পাশের দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি করে পালিয়ে যায়।

ভোর ৪টার দিকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা ছুটে আসেন। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে হোটেলের সবকিছু পুড়ে যায়।

জানা গেছে, ‘মায়ের দোয়া’ হোটেলটির মালিক আব্দুর রহিম শিকদার। তিনি হোটেলটি ক্ষুদ্র ব্যবসায়ী চানমিয়া শেখের কাছে ভাড়া দিয়েছিলেন। অগ্নিকাণ্ডে চানমিয়া শেখের জীবিকার একমাত্র অবলম্বন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আগুনে হোটেলের ফ্রিজ, টেবিল, চেয়ার, র্যাক, আসবাবপত্র এবং রান্নার প্রয়োজনীয় সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সময়ে পাশের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

হোটেল ব্যবসায়ী চানমিয়া শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সব শেষ হয়ে গেছে। এই হোটেলের আয়ের ওপরই আমার পুরো সংসার চলত। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না।’

এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত