ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকশ নারী ও পুরুষ।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি চলছে।
স্থানীয় সূত্র জানায়, ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। দুপুর ১২ টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।