সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সচিব কমিটির পর্যালোচনা শেষে তা মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এর গেজেট প্রকাশিত হতে পারে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এই চূড়ান্ত গেজেট প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক না কেন, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে।
বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আরও দুই থেকে তিন দিন সচিব কমিটি কারিগরি কিছু দিক নিয়ে বিশ্লেষণ করবে। এর পর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য তা যাবে আইন মন্ত্রণালয়ে। এর পর প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট জারি হবে।
২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতি বিবেচনা করে কমিটি একটি নতুন ড্রাফট বা খসড়া চূড়ান্ত করছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা কমিটি বর্তমানে এই সুপারিশগুলো যাচাই-বাছাই ও চূড়ান্ত করার কাজ করছে।
চলতি মাসের ১৮ দিনে প্রবাসী আয় ১৮০ কোটি মার্কিন ডলার