৯ দফা প্রস্তাবে পে-স্কেল সংশোধনের দাবি, যা রয়েছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে বিদ্যমান অসংগতি দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এ লক্ষ্যে বেতন কাঠামো সংশোধনে সরকারের কাছে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি জমা দিয়ে এসব প্রস্তাব জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম।

সংগঠনটির দাবি, সরকারি চাকরিজীবীদের মধ্যে আর্থিক সমতা প্রতিষ্ঠা, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা নির্ধারণ এবং অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত বেতন কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন।

স্মারকলিপিতে বলা হয়েছে, নতুন বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ ইতিবাচক। তবে বিভিন্ন গ্রেডে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রে কিছু অসামঞ্জস্য রয়ে গেছে। এসব বিষয় সংশোধন না হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক ব্যবধান আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির প্রস্তাবগুলোর মধ্যে প্রথমেই রয়েছে গ্রেডভেদে মূল বেতনের পার্থক্য পুনর্নির্ধারণ। স্মারকলিপির তথ্য অনুযায়ী, ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ দুই গ্রেডের মধ্যে ব্যবধান মাত্র ৫০০ টাকা। আবার ১৮তম গ্রেডে মূল বেতন ২১ হাজার টাকা এবং ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ টাকা। এ ক্ষেত্রে পার্থক্য মাত্র ৪০০ টাকা। সংগঠনটির মতে, এত কম ব্যবধানের কারণে পদোন্নতি, অভিজ্ঞতা ও অতিরিক্ত দায়িত্বের যথাযথ আর্থিক মূল্যায়ন হচ্ছে না। তাই প্রতিটি গ্রেডের মধ্যে যৌক্তিক হারে বেতনের পার্থক্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় বাড়িভাড়া ভাতা নির্ধারণে গ্রেডভিত্তিক বিভাজন তুলে দিয়ে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে। বর্তমানে ১৬তম থেকে ২০তম গ্রেডে মূল বেতনের ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব রয়েছে। এতে বিভিন্ন গ্রেডের চাকরিজীবীদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য দেখা দিচ্ছে বলে মনে করছে সংগঠনটি।

স্মারকলিপিতে দেওয়া হিসাব অনুযায়ী, ২০তম গ্রেডের একজন কর্মচারী ২০ হাজার টাকা মূল বেতনের বিপরীতে বাড়িভাড়া পান ১২ হাজার টাকা। অন্যদিকে ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ টাকা মূল বেতনের বিপরীতে বাড়িভাড়া নির্ধারিত হয় ১১ হাজার ৭৫০ টাকা। একইভাবে ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ টাকা মূল বেতনের বিপরীতে বাড়িভাড়া ১২ হাজার ৮৪০ টাকা হলেও ১৪তম গ্রেডে তা ১১ হাজার ৭৫০ টাকা। এ ধরনের বৈষম্য দূর করতে বাড়িভাড়া নির্ধারণে অভিন্ন নীতিমালা চেয়েছে সংগঠনটি।

তৃতীয় প্রস্তাবে শিক্ষা ভাতা পুনর্নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংগঠনটির দাবি, প্রায় ১১ বছর ধরে এ খাতে ভাতার পরিমাণ বাড়ানো হয়নি। অথচ ভর্তি, মাসিক বেতন, বই-খাতা ও শিক্ষা উপকরণের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় এক সন্তানের জন্য মাসে ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা শিক্ষা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

চতুর্থ দফায় নতুন মূল বেতনের ধাপ বিবেচনায় উৎসব ভাতা নির্ধারণের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নতুন বেতন কাঠামোয় ধাপভিত্তিক নীতিমালা অনুসরণ করে শ্রান্তি ও বিনোদন ভাতা দেওয়ার ব্যবস্থা করা হলে একই পদ্ধতিতে উৎসব ভাতাও নির্ধারণ করা উচিত।

পঞ্চম প্রস্তাবে বৈশাখী ভাতা বাড়িয়ে মূল বেতনের ৩০ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি। এ ক্ষেত্রে সর্বনিম্ন ৬ হাজার এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভাতা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা বহাল রাখার কথাও উল্লেখ করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত কাঠামোয় এ ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়ার বাস্তবতায় ভাতা কমানোর পরিবর্তে বাড়ানো প্রয়োজন বলে মনে করছে তারা।

ষষ্ঠ প্রস্তাবে চাকরিতে প্রথম যোগদানের দিন থেকে চাকরিকাল হিসাব করে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটির ব্যাখ্যা, উন্নীত গ্রেড এবং উচ্চতর গ্রেড এক বিষয় নয়। পদকাঠামো, পদোন্নতি কিংবা প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তনের কারণে উন্নীত গ্রেড দেওয়া হয়। অন্যদিকে চাকরির মেয়াদ, অভিজ্ঞতা ও বিধি অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়টি নির্ধারিত হয়। তাই উন্নীত গ্রেডকে উচ্চতর গ্রেডের বিকল্প হিসেবে না দেখে প্রথম যোগদানের তারিখ থেকেই চাকরিকাল গণনার প্রস্তাব দেওয়া হয়েছে।

সপ্তম দফায় স্বেচ্ছায় অবসরের ক্ষেত্রে চাকরির মেয়াদ ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছর করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ২০ বছর চাকরি পূর্ণ হলে প্রচলিত বিধি অনুসারে পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ রাখার দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে, দীর্ঘদিন চাকরি করার পর শারীরিক সক্ষমতা, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় আগেই অবসরে যাওয়ার সুযোগ থাকা প্রয়োজন।

অষ্টম প্রস্তাবে ১৬তম ও ১৫তম গ্রেডের বেতন এবং বাড়িভাড়া ভাতার মধ্যকার অসামঞ্জস্য সংশোধনের বিষয়টি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৬তম গ্রেডে মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা হলে ৬০ শতাংশ হারে বাড়িভাড়া দাঁড়ায় ১৩ হাজার ১৪০ টাকা। বিপরীতে ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা মূল বেতনের ৫০ শতাংশ হিসাবে বাড়িভাড়া পাওয়া যায় ১১ হাজার ৪০০ টাকা। ফলে ১৬তম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে ১৫তম গ্রেডে উন্নীত হলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যায়। এ পরিস্থিতিতে মোট আর্থিক সুবিধার হিসাবেও অসংগতি তৈরি হচ্ছে। এ বৈষম্য নিরসনে প্রয়োজনীয় সংশোধনী চেয়েছে সংগঠনটি।

এ ছাড়া অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে। ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলেই পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটিসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারীদের সমর্পিত পেনশন ফেরত পাওয়ার সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত