পেরুতে পরপর দুই ভূমিকম্প: নিহত ৬, আহত ২১

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:৪৫ এএম

পেরুর মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় পরপর দুটি ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান লুইস ভাসকেজ রবিববার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে জুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে প্রথমে ৫ দশমিক ১ মাত্রার এবং পরে ৩ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল যথাক্রমে ২৪ কিলোমিটার এবং ১৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্র। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র প্রথম ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে।

লুইস ভাসকেজ জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী অন্তত ৪৮টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় হিসেবে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।

চুপাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অধিকাংশ বাড়িই কাঁচা অ্যাডোবি (মাটির ব্লক) দিয়ে নির্মিত হওয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিববার ভোর থেকেই উদ্ধারকারী দল, দমকলকর্মী এবং জরুরি সেবা বিভাগের সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্প এই ভূকম্পনপ্রবণ বলয়েই সংঘটিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত