২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনা হেরে যাওয়ায় দুইজন বয়োজ্যেষ্ঠ সমর্থক মারা গেছেন। শিরোপা হাতছাড়া হওয়ার এই ধাক্কা সইতে না পেরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।
এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)।
সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকায় সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে সিপিআর (বুকে চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা) দিলেও শেষ রক্ষা হয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে, আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
অন্যদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭২ বছর বয়সী আরও এক বৃদ্ধ বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাইনাল ম্যাচের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মাঝে ব্যাপক বিশৃঙ্খলা ও হাতাশাজাত সহিংসতার খবর পাওয়া গেছে। ওবেলিস্ক এলাকায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন।
বিশ্বকাপের আনন্দঘন মুহূর্তগুলো এমন মর্মান্তিক পরিণতিতে শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোক ও উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসা সেবা সংস্থাগুলো সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।