বিশ্বকাপটা যেনো কেইনেরই!

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

ফিফা বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছে স্পেন। ফুটবল ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। কিন্তু ফাইনালের মহাকাব্যিক লড়াই শেষে নিউ জার্সির স্টেডিয়ামে যে দৃশ্য তৈরি হলো, তা দেখে ফুটবল ভক্তদের মনে হতেই পারে— এই বিশ্বকাপটা স্পেনের বা ইয়ামালের যতটা, তার চেয়েও যেন অনেক বেশি ইয়ামালের ৩ বছর বয়সী ছোট ভাই কেইনের!

ফাইনাল ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই গ্যালারি থেকে স্পেনের লাল জার্সি গায়ে মাঠে দৌড়ে আসে কেইন। বড় ভাই ইয়ামালকে জড়িয়ে ধরার পর শুরু হয় তার আসল ট্রফি উদযাপন।

ছোটো ভাইকে আদর করছেন ইয়ামাল

ভাইয়ের সাথে উদযাপনের এক মোহনীয় মুহূর্তে দেখা যায়, ৩ বছর বয়সী কেইন পরম মায়ায় জড়িয়ে ধরে রেখেছে ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক— সেই সোনালী বিশ্বকাপ ট্রফিটি! শুধু তাই নয়, একহাতে ট্রফি আগলে রেখে অন্যহাতে সে শক্ত করে ধরে রেখেছে ফাইনাল ম্যাচের ফুটবলটি। পাশে সানগ্লাস চোখে হাস্যোজ্জ্বল বড় ভাই ইয়ামাল বসে থাকলেও, ক্যামেরার মূল আকর্ষণ যেন কেইন নিজেই। গম্ভীর আর আত্মবিশ্বাসী মুখে ক্যামেরার দিকে তাকিয়ে তার পোজ দেওয়া দেখে মনে হচ্ছিল, এই বিশ্বজয়ের মূল নায়ক আসলে সে-ই!

শুধু ট্রফি কিংবা বল নয়, কেইনের বিশ্বজয়ের ক্ষুধা ছিল আরও অন্যরকম। উদযাপনের সময় তার ছোট্ট হাতে দেখা গেছে ফাইনাল ম্যাচের গোলপোস্টের কেটে নেওয়া জালের একটি অংশ, যা সে নিজের কাছে স্মৃতিস্মারক হিসেবে রেখে দিয়েছে।

আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই কেইন ছিল স্পেনের অনবদ্য এক আকর্ষণ। সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর পরও ডালাসের স্টেডিয়ামে গ্যালারি টপকে মাঠে নেমে ভাইয়ের কোলে ঝাঁপিয়ে পড়েছিল সে। আর ফাইনালের রাতে তো সে সব আলো নিজের দিকে কেড়ে নিল।

বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল মাঠে ফুটবল পায়ে ইতিহাস গড়েছেন ঠিকই, তবে ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় আর ক্যামেরার সবকটি ফ্ল্যাশলাইট এক নিমেষেই জয় করে নিয়েছে তাঁর ৩ বছর বয়সী এই ছোট ভাই। ম্যাচ শেষে মাঠের এই দৃশ্যই বলে দিচ্ছে— এই রাতটি স্পেনের হতে পারে, কিন্তু বিশ্বকাপ উদযাপনের মঞ্চটা পুরোপুরিই ছিল ছোট কেইনের!

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত