আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জীপ গাড়িও জব্দ করা হয়। সোমবার (২০ জুলাই) সকালে জব্দকৃত ইয়াবা ও গাড়িসহ আটক ব্যক্তিদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারহাট গরুর বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) ও আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রহমত আলী (৪৩)। 

র‌্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি কালো রঙের ১৯৯৫ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকামেট্রো-ঘ-১১-২১৯২) গাড়িটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘র‌্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত