প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আগামীকাল (২২ নভেম্বর) থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’। এ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটবে।
তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য সুযোগ। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণেও কার্যকর ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকারকে সামনে রেখে সরকার উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।
‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মেলার সার্বিক সাফল্য কামনা করেন।