ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত উত্তর কোরিয়ার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা আবারও জানিয়েছে উত্তর কোরিয়া। মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এর মধ্যেই দেশটির নেতা কিম জং উন শিগগিরই রাশিয়া সফর করতে পারেন এমন জল্পনাও আরও জোরালো হয়েছে।

২০২২ সালের শুরুতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা পাঠিয়েছে এবং মস্কোকে বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এর বিনিময়ে দেশটি আর্থিক সহায়তা, খাদ্য, জ্বালানি এবং সামরিক প্রযুক্তি পাচ্ছে।

মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকের পর পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি ও বহুমুখী উন্নয়ন আরও দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কেসিএনএর ভাষ্য অনুযায়ী, উত্তর কোরিয়া ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং রাশিয়ার জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় মস্কোর অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির প্রতি অপরিবর্তিত সমর্থন ব্যক্ত করেছে।

অন্যদিকে রাশিয়াও উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

রবিবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'আমরা যে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছি, তাতে আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই।'

সফরের অংশ হিসেবে চোয়ে সন হুই ক্রেমলিনের দেয়ালসংলগ্ন টম্ব অব দ্য আননোন সোলজার-এ পুষ্পস্তবক অর্পণ করেন বলেও জানিয়েছে কেসিএনএ। 

সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন কিম জং উন। আর ২০২৪ সালের জুনে বিরল সফরে উত্তর কোরিয়া যান প্রেসিডেন্ট পুতিন।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চোয়ের এবারের মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সম্ভাব্য রাশিয়া সফর নিয়ে আলোচনা করা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত