ঋণের টাকায় কেনা একমাত্র সম্বলও গেল, নিঃস্ব শাহাদতের এখন কী হবে?

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে কৌশলে পিতৃহীন এক কিশোরের ব্যাটারীচালিত অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে যাত্রীবেশী দুই প্রতারক। সংসার চালাতে ঋণের টাকায় কেনা একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে এখন দিশেহারা সে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, শাহাদতের বাবা সবুজ হোসেনের বাড়ি বরিশালে। পাঁচ বছর আগে ঢাকায় পাইপমিস্ত্রীর কাজ করার সময় উঁচু ভবন থেকে পড়ে তিনি মারা যান। এরপর থেকে জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা শালাইনগর গ্রামে নানার বাড়িতে বসবাস শাহাদতের। সংসারে বিধবা মা ও চার ভাইবোন নিয়ে পাঁচজনের পরিবার। তার মধ্যে কিছুদিন আগে বড়বোনকে বিয়ে দিয়েছে। অভাবের কারণে স্কুলের গণ্ডি পেরোনো হয়নি শাহাদতের। বছর খানেক আগে একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে ৮০ হাজার টাকায় কেনা হয়েছিলো ব্যাটারিচালিত ভ্যানটি। সেই ভ্যান চালিয়েই চলছিলো সংসার, পরিশোধ হচ্ছিলো মাসিক কিস্তির টাকাও।

কিন্তু মঙ্গলবার দুপুরে মালঞ্চি থেকে দু’জন যাত্রীবেশী প্রতারক ৭শ’ টাকা ভাড়া মিটিয়ে বড়াইগ্রামের বনপাড়ায় আসেন। বনপাড়া গীর্জা রোডে নিয়ে গিয়ে একজন ভ্যানে বসে থেকে আরেকজন শাহাদৎকে নিয়ে গলির ভেতর থেকে কার্টুন আনতে যান। সেখানে গিয়ে ওই ব্যাক্তি শাহাদৎকে কার্টুন নেয়ার জন্য ভ্যানটি সেখানে নিয়ে যেতে বলেন। এ সময় শাহাদৎ ভ্যান রাখা জায়গায় গিয়ে দেখে ভ্যানে বসে থাকা যাত্রী নেই, নেই তার উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটিও। ফিরে এসে কার্টুন নিতে যাওয়া লোকটিকেও পায়নি। 

দুপুরে ভ্যানটি হারিয়ে সে পথের ধারে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিল। এ সময় স্থানীয়রা সব শুনে দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাননি। ভ্যান হারানোর খবর শুনে দুপুরে বনপাড়ায় ছুটে আসেন শাহাদতের মা জোস্না খাতুন। শেষ পর্যন্ত ভ্যানটি ফিরে পাওয়ার আশায় থানায় লিখিত অভিযোগ করে শাহাদৎ ও তার মা।

এ প্রসঙ্গে কথা বলতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন জোস্না খাতুন। তিনি বলেন, বড় মেয়েকে বিয়ে দেয়ার পর তিন সন্তানসহ চারজনের সংসার আমাদের। ছেলের ভ্যান চালানোর আয়েই কোনোমতে সংসার চলতো। এখন ভ্যানও নেই, আয়ও নেই। সংসার খরচ ছাড়াও প্রতি মাসে ৯ হাজার টাকা কিস্তি দিতে হয়। এখন কীভাবে সংসার চালাবো, কীভাবে ঋণ শোধ করবো কিছুই বুঝতে পারছি না। আমরা এখন একেবারে নিঃস্ব।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্তসহ ভ্যানটি উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত