ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চন্ডিপুর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) ওই উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হেটে হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়া অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, তারিফের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।