যশোরে সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর রাতের দিকে নড়াইল এলাকায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ এনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহত জিতু শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচিত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় অবস্থানকালে অপরিচিত একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে জিতুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জিতুকে স্থানীয়দের সহায়তায় কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের (রেফার) পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে জিতু মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

যশোর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত