অ্যান্ড্রয়েডে আইফোন ব্যবহারকারী টানতে নতুন সুবিধা আনছে গুগল

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

অ্যান্ড্রয়েডে আইফোন থেকে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন মাইগ্রেশন সুবিধা চালু করেছে গুগল। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৭ এ সরাসরি যুক্ত করা হয়েছে নতুন এই মাইগ্রেশন সিস্টেম, যার মাধ্যমে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে আরও বেশি ধরনের তথ্য ওয়্যারলেসভাবে স্থানান্তর করা যাবে।

গুগলের ভাষ্য, নতুন এই সুবিধার লক্ষ্য হলো আইফোন থেকে অ্যান্ড্রয়েডে আসার পথে ব্যবহারকারীদের যে জটিলতা থাকে তা কমিয়ে আনা। এর মাধ্যমে স্মার্টফোন ইকোসিস্টেম পরিবর্তন করা আরও সহজ হবে এবং নতুন ব্যবহারকারী আকৃষ্ট করা সম্ভব হবে।

নতুন মাইগ্রেশন পদ্ধতিতে আইফোন থেকে ছবি, ভিডিও, কনট্যাক্ট, মেসেজ এবং ক্যালেন্ডারের পাশাপাশি এখন গুগল অ্যাকাউন্ট, সংরক্ষিত পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য এবং এমনকি ই-সিম ও অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করা যাবে।

গুগল জানিয়েছে, সুবিধাটি ইতোমধ্যে নির্বাচিত পিক্সেল ডিভাইসে চালু করা হয়েছে। এছাড়া সম্প্রতি উন্মোচিত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজেও এটি পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে আরও বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন মাইগ্রেশন সুবিধা চালু করা হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ব্যবহারকারীদের জন্য ডেটা স্থানান্তরের প্রক্রিয়া সহজ করে গুগল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারী আনার কৌশল আরও জোরদার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত