সমালোচকদের একহাত নেইমারের, 'নিজের চরকায় তেল দাও'

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। তবে সমস্ত সমালোচনাকে একপাশে সরিয়ে কড়া ভাষায় সমালোচকদের ধুয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্প্যানিশ স্পোর্টস মিডিয়া মুন্দো দেপোর্তিভো-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কোপা সুদামরিকানার রাউন্ড অব ১৬-এ ওঠার গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে ভেনিজুয়েলার ক্লাব 'ইউনিভার্সিটি সেন্ট্রাল অব ভেনিজুয়েলা'-এর মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচটির ১ম লেগ খেলতে সান্তোস দল ভেনিজুয়েলার ভ্যালেন্সিয়া সফর করলেও সেই দলের সঙ্গে যাননি নেইমার।

দল যখন মাঠে লড়াই করছিল, ঠিক সেই সময়েই সাও পাওলোতে আয়োজিত একটি পোকার টুর্নামেন্টে হাসিমুখে অংশ নেওয়ার ছবি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন নেইমার। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সান্তোসের ভক্ত সমর্থক ও ক্রীড়া বিশ্লেষকেরা। তাঁর দায়িত্ববোধ ও ক্লাবের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সোশাল মিডিয়ায় জিম করার সময় ধারণ করা একটি ভিডিওতে নেইমার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত সমালোচনার জবাব দেন, "আমি এখানে আমার দ্বিতীয় অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। তখনই মনে পড়ল—আমার ছুটির দিনে আমি পোকার খেলতে গিয়েছিলাম বলে অনেকেই অনেক কথা বলছেন। আমি সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি এবং ছুটির দিনে বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফিরেছি। তবুও মানুষ কথা বলেই যাচ্ছে। আচ্ছা, আমি এখন অনুশীলন করার অনুমতি পাব, নাকি এটার জন্যও আপনারা আমাকে সমালোচনা করবেন? নিজের চরকায় তেল দাও।"

ভিডিওর শেষভাগে বিরক্তি প্রকাশ করে ক্যামেরায় হাত দিয়ে চাপড় মারতে দেখা যায় জাতীয় দলের হয়ে রেকর্ড ৭৯টি গোল করা এই ফুটবলারকে। এর আগের দিনও সমালোচকদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, "জীবন একটা ট্র্যাজেডি বা রসিকতা, এটাকে এতো গুরুত্ব সহকারে নেওয়ার কিছু নেই।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত