ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। অন্যদিকে, মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টার অভিযোগে একটি ভারতীয় নাবিকবাহী জাহাজসহ তিনটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেন, সশস্ত্র বাহিনী গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করেছে। এসব ড্রোন সফলভাবে মোকাবিলা করা হয়েছে। তিনি জানিয়েছেন এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো ধরণের প্রাণহানি ঘটেনি।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীর’-এ হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি মার্কিন অবরোধ উপেক্ষা করে ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টা করার মাধ্যমে ‘অবরোধ লঙ্ঘন’ করেছিল। এ সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, বৃহস্পতিবার সকালের দিকে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী তৃতীয় জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা সবাই নিরাপদ আছেন এবং বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।