লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যেন ভাগ্যবদলের চাবিকাঠি হয়ে আবির্ভূত হয়েছেন তাওহীদ হৃদয়। তার অন্তর্ভুক্তি দলের পারফরম্যান্সে এনে দিল জয়ের গতি। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল হাতে দুই বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের আলো ছড়ানোর দিনে ৯৩ রানের বড় জয় পেয়েছে জাফনা কিংস।
ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা। ১২৯ রানের উদ্বোধনী জুটিতেই বিশাল ভিত্তি পেয়ে যায় দলটি। ওপেনার কামিল মিশরার ৭৮ এবং অভিশকা ফার্নান্দোর ৬৬ রানের দারুণ দুই ইনিংস খেলেন। তিনে নেমে দলের রানের গতি সচল রাখেন হৃদয়। শেষ ওভারে বিস্ফোরক ব্যাটিং করে মাত্র ২১ বলে দুটি চার ও এক ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় পুঁজি দাঁড় করায় জাফনা।
২০০ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দিশেহারা ছিল ক্যান্ডি। বল হাতে ইনিংসের শুরুতেই কিপটে বোলিং করেন সাকিব। নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ দেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। শুরুর দুই ওভারে দেন স্রেফ ৮ রান। পরে নিজের তৃতীয় ও ম্যাচের ত্রয়োদশ ওভারে মঈন আলীকে ফিরিয়ে ম্যাচে একমাত্র সাফল্যের দেখা পান তিনি। ম্যাচে মোটে ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করে ১ উইকেট তুলে নেন সাকিব।
শেষ পর্যন্ত মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় ক্যান্ডির ইনিংস। জাফনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও ভেল্লালেগে।
কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বক্সার রাকিব