মেহেরপুরের গাংনীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। একইসাথে সভাস্থলের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বোমা সাদৃশ্য বস্তু। সবমিলিয়ে এনপিপির সভা ঘিরে মেহেরপুরের গাংনীতে দেখা দিয়েছে আতঙ্ক।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন একটি খুঁটি ও পল্লী বিদ্যুত অফিসের সামনে বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রাখা কুশপুত্তলিকা দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সেটি নিয়ে যায়।
কুশপুত্তলিকায় নাহিদ ইসলাম এমপি, হাসনাত আব্দুল্লাহ এমপি, সাজিস আলমসহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতার ছবি রয়েছে। সোমবার বিকালে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্তরে এনপিসিপির পদযাত্রা রয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা এনসিপি নেতৃবৃন্দের।
কুশপুক্তলিকায় লেখা ছিল 'তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে, দেশ নিল রসাতলে। এদের প্রতিহত করুন এদের ঘৃণা করুন।'
উদ্ধারকৃত বোমার গায়ে লেখা আছে 'সময় থাকতে পালিয়ে যা। নইলে এদেশে তোদের ভয়াবহ করুণ পরিণতি অপেক্ষা করছে।'
স্থানীয়রা জানিয়েছেন, তারা সকালে হাঁটতে বের হয়ে হাই স্কুলের সামনে বৈদ্যুতিক তারের সাথে কয়েকটি কুশপুত্তলিকা ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, স্থানীয়রা খবর দিলে পুলিশ সভাস্থলের কাছে থেকে একটি ব্যাগে ভর্তি অবস্থায় রক্ষিত বোমাটি উদ্ধার করে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী এডভোকেট শাকিল আহমেদ বলেন, এনপিসিপির পদযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে একটি দুস্কৃতি সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুত্তলিকা ঝুলিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ব্যবস্থা নেবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা আতংঙ্ক ছড়ানোর জন্য এটি করতে পারে তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সেই সাথে উদ্ধারকৃত বোমাটি নিস্ক্রিয় করতে গাংনী থানায় পানি ভর্তি বালতির মধ্যে চুবিয়ে রাখা হয়েছে। গাংনী শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।