তরুণদের নিয়ে ‘নতুন ব্রাজিল ’ গড়ার পরিকল্পনা আনচেলত্তির

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবারের মতো ব্রাজিলে ফিরেছেন কার্লো আনচেলত্তি। নতুন সাইকেলের দিকে লক্ষ্য রেখে মঙ্গলবার (২৮ জুলাই) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) হেডকোয়ার্টারে নিজের কোচিং স্টাফ ও জাতীয় দল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এই ইতালিয়ান মায়েস্ত্রো। সেখানে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে একটি 'নতুন ব্রাজিল দল' গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রিও ডি জেনিরোতে সিবিএফের সদর দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বৈঠকে আনচেলত্তির পাশাপাশি উপস্থিত ছিলেন দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান সান্তোস, ফিটনেস কোঅর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেসসহ পারফরম্যান্স অ্যানালিস্ট ও ফিজিওলজিস্টরা।

 

বৈঠক শেষে আনচেলত্তি স্পষ্ট জানান, আসন্ন দিনগুলোতে তিনি ব্রাজিল দলে বড় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছেন। তবে হঠাৎ করেই সব অভিজ্ঞদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

আনচেলত্তি বলেন, “আমরা তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি নতুন দল গঠন শুরু করব।” একই সাথে তিনি যোগ করেন, “তবে যারা গত বিশ্বকাপে আমাদের সাথে ছিলেন এবং যাদের এখনও জাতীয় দলে বড় অবদান রাখার সামর্থ্য রয়েছে, সেইসব খেলোয়াড়দের আমরা একেবারে বাদ দিচ্ছি না।”

জাতীয় দল বিভাগের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, “জাতীয় দল বিভাগে এটি আমাদের কাজের নতুন এক অধ্যায়ের সূচনা। সামনে আসা প্রতিযোগিতাগুলোতে, বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকায় দেশকে যেন আমরা দারুণভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য আমরা এই সময়ে প্রচুর পরিশ্রম করব।”

বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর সান্তোস তারকা নেইমার জাতীয় দলকে বিদায় জানালেও, আনচেলত্তির নতুন পরিকল্পনায় সেলেসাওরা কীভাবে ঘুরে দাঁড়ায়—এখন সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত