ছাত্রদল নেতা হিমেল

‘রাকসু ভবনে রেইড দিলে ‘অস্ত্রের কারখানা’ পাওয়া যাবে’

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু ভবনে পুলিশ অভিযান চালালে ‘অস্ত্রের কারখানা’ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল।

তার অভিযোগ, রাকসু ভবনের ভিপি ও জিএসের চেম্বারে সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা তৈরি ও অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরিতে হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা যেকোনো ডিপার্টমেন্টে দেখি, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কিন্তু রাকসু ভবন কী এমন যে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি?

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, লাইব্রেরির মতো একটি নিরাপদ স্থান, যেখানে জ্ঞানচর্চা হয়, সেই জ্ঞানচর্চার পরিবেশে হামলা চালিয়েছে জঙ্গি শিবিরের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ছাত্রলীগের নাম দিয়ে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ওই শিক্ষার্থীদের হত্যা করা এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা অতীতে দেখেছি, ডেইলি স্টার ও প্রথম আলোর মতো সংবাদমাধ্যমের ওপর যেভাবে জঙ্গিরা হামলা চালিয়েছিল, একইভাবে তারা আবারও হামলার ষড়যন্ত্র করতে পারে। তাই সাংবাদিক ভাইদের বলবো, আপনারা সচেতন ও সতর্ক থাকবেন। কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলে বাংলাদেশের প্রচলিত আইনের আশ্রয় নেবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অপরাজনীতির বিরুদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত